চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় বিএনপি ও যুবদলের তিন নেতার জামিন নামঞ্জুর করায় আদালতে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে জামিনের আবেদন প্রত্যাহার করে আসামিরা এজলাস থেকে বেরিয়ে যান। গতকাল রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
জামিন নামঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, আবদুস সালাম ও জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ।
জানা গেছে, বিস্ফোরক ও অস্ত্র আইনে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করে। গতকাল ওই তিন আসামি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক কুমার শিপন মোদক জামিন নামঞ্জুর করেন। এ সময় আদালতকক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে বিচারক এজলাস ছেড়ে উঠে যান। আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম টিপু বলেন, ‘বিএনপি-যুবদলের তিন নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন। এতে এজলাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জ্যৈষ্ঠ আইনজীবী ও বিএনপির নেতারা বিচারকের সঙ্গে কথা বললে বিচারক জামিন আবেদন প্রত্যাহার করতে বলে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন। এই পরিপ্রেক্ষিতে আসামিরা এজলাস থেকে বেরিয়ে আসেন।’
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুনিরুল ইসলাম বলেন, ‘অস্ত্র মামলায় প্রথমে বিএনপিপন্থি তিন আসামির আবেদন নামঞ্জুর করেন বিচারক। এ সময় ওনারা হইচই শুরু করেন। আইনজীবী সমিতির নেতারা বিচারকের চেম্বারে যান। আলোচনার পর বেল পিটিশন (জামিন আবেদন) প্রত্যাহার করলে তাদের ছেড়ে দেওয়া হয়।’
