নারায়ণগঞ্জে ত্বকী হত্যায় কাজলের স্বীকারোক্তি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ এএম

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আবদুর রশিদ জানান, ত্বকী হত্যা মামলায় একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে ত্বকী হত্যায় গ্রেপ্তার অন্য দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। তারা হলেন সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়া।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে উপস্থিত করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী উভয়পক্ষের শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সেই সঙ্গে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ৯ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

গত ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে শিপন ও মামুনকে এবং ঢাকার ধানমন্ডি থেকে কাজলকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা র‌্যাব। গত ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে। জামশেদ শেখ এখনো র‌্যাবের রিমান্ডে রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। এ মামলার ন্যায়বিচারের স্বার্থে তদন্তকারী সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত