ডেঙ্গু নিয়ে হাসপাতালে দম্পতি, লাশ হয়ে ফিরলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উম্মে হানি আকতার (২২) নামে ওই নারীর মৃত্যু হয়।

উম্মে হানি চট্টগ্রামের সাউথ এশিয়ান নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন সূত্রে এই নারীর মৃত্যুর বিষয়টি জানা গেছে।

মারা যাওয়া উম্মে হানি আকতারের গ্রামের বাড়ি খাগড়াছড়ির গুইমারা এলাকায়। তার স্বামীর নাম মোহাম্মদ জুয়েল। তিনি চট্টগ্রাম শহরে ব্যবসা করেন। স্ত্রীকে নিয়ে থাকতেন নগরের লালখানবাজার এলাকায়।  

এর আগে গত বৃহস্পতিবার স্বামী-স্ত্রী দুজনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। জুয়েল এখনো পুরোপুরি সুস্থ হননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অসুস্থ অবস্থায় আজ দুপুরে স্ত্রীর লাশ নিয়ে গেছেন গুঁইমারার গ্রামের বাড়িতে। দুপুরে পারিবারিক কবরস্থানে তার স্ত্রীকে দাফন করা হয়েছে।

জুয়েল গণমাধ্যমকে জানিয়েছে, দুই বছর আগে তাদের বিয়ে হয়। আগামী ১৪ অক্টোবর সন্তান জন্মদানের সম্ভাব্য দিন ছিল তার স্ত্রীর। দুজনে পাশাপাশি শয্যায় চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গত শনিবার রাতেই তার স্ত্রীকে আইসিইউতে নেওয়া হয়। আজ সোমবার ভোররাতে মারা যান উম্মে হানি। 

এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৩৭ জন ডেঙ্গু নিয়ে নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি  বছর এখন পর্যন্ত ৮৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চলতি মাসের প্রথম ১৫ দিনে ২৬৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ৯ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দুই নারী।  এর মধ্যে শান্তা নামে এক নারী দুপুরে সন্তান জন্ম দিয়ে রাতেই মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত