নায়িকা আলিয়া, গায়িকা আলিয়া

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম

গেল কয়েক বছরে অভিনয় দিয়ে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন আলিয়া ভাট। গ্ল্যামার গার্ল তকমা থেকে বেরিয়ে নিজেকে ভেঙেছেন ভার্সেটাইল রূপে। অভিনেত্রী পরিচয়ের বাইরে তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি গাইতেও পারেন।

নিজের নতুন সিনেমা ‘জিগরা’র গানে কণ্ঠ দিয়েছেন আলিয়া ভাট। গতকাল গানটি প্রকাশিত হয়েছে। নানা কারণেই গানটি বিশেষ। আলিয়ার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। গানের ভিডিওতে দেখা গেছে তাদের দুজনকেই।

এই গানের মাধ্যমে আট বছর পর একসঙ্গে কাজ করলেন তারা। ২০১৬ সালে প্রশংসিত সিনেমা ‘উড়তা পাঞ্জাব’-এ ‘এক কুড়ি’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছিলেন তারা, যা এখনো শ্রোতাদের মুগ্ধ করে। ওই গানের নামের সঙ্গে নতুন গানটির নামের [চল কুড়িয়ে] মিল রয়েছে। গানটি লিখেছেন হরমনজিৎ সিং, সংগীতায়োজনে মনপ্রীত সিং। গানের কথায় নারীর সংগ্রাম ও সাহসিকতার বিষয় উঠে এসেছে। আলিয়া-দিলজিতের সমন্বিত কণ্ঠ ও পারফরম্যান্স সাড়াও পাচ্ছে বেশ।

কেউ বলছেন, ‘দিলজিতের সঙ্গে মিলে আলিয়া আমাদের হৃদয় জিতে নিয়েছেন’, আবার কারো মন্তব্য, ‘দিলজিতের এনার্জির সঙ্গে আলিয়ার কণ্ঠ দারুণভাবে মিলে গেছে।’

‘জিগরা’ পরিচালনা করেছেন ভাসান বালা। এতে ভাই-বোনের ভালোবাসা ও মমতার বন্ধন স্পর্শকাতর উপায়ে তুলে ধরেছেন নির্মাতা। ভাইকে রক্ষা করার জন্য বোন কী করতে পারে, কত ঝুঁকি নিতে পারে, সেটা দেখা যাবে সিনেমাতে। সিনেমাতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত