সালমা ও রুমানাকে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম

বাংলাদেশের নারী ক্রিকেটের দুই তারকা সালমা খাতুন আর রুমানা আহমেদের ক্যারিয়ারের শেষবেলা চলছে। সালমা ১৪ মাস আগে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। রুমানাও দেড় বছর পর এশিয়া কাপ দিয়ে দলে সুযোগ পান। কিন্তু কাজে লাগাতে না পারায় বাদ পড়েছেন বিশ্বকাপ দল থেকে। এই দুজনকে এবার বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব দিল বিসিবি।

সাবেক অধিনায়ক সালমা খাতুনই একসময় দেশের নারী ক্রিকেটের ‘পোস্টার গার্ল’ ছিলেন। তাকে এবং রুমানাকে নিয়ে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, ‘সালমার ব্যাপারটা.. একই সঙ্গে রুমানাও… আমরা ওদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। বোর্ডের পক্ষ থেকে কথা বলেছি যে, ওরা যদি শেষ খেলাটি খেলতে চায়, ওদেরকে সেই সুযোগ দেওয়া হবে। একটি ম্যাচ খেলিয়ে ওদেরকে অফিসিয়ালি বিদায় দিতে পারব।’

সালমা জাতীয় দলের ভাবনায় নেই জানিয়ে সাজ্জাদ আরও বলেন, তারা চাইলে অন্য ভূমিকায় কাজ করার সুযোগও আছে, ‘সালমা নেই ভাবনায়। এক বছরের বেশি হয়ে গেছে সে দলে নেই। ওরা যদি খেলা ছেড়ে দেয়, ওদেরকে অন্য কোথাও কাজে লাগানো যেতে পারে, কোচিং বা আম্পায়ারিং, বা কোথাও। ওরা এভাবেই চিন্তা করছে। হয়তো এই বছরটা ওরা খেলবে (ঘরোয়া ক্রিকেটে)।’

এশিয়া কাপে মলিন পারফর্মেন্সের কারণেই জাতীয় দলের ভাবনায় নেই রুমানা। তার জায়গা নিয়েছেন নতুন একজন। সাজ্জাদের ভাষায়, ‘রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম, মূলত মিডল অর্ডার ব্যাটিংয়ের জন্য। কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। এই মুহূর্তে যে ধরনের ব্যাটিং সে করে, তা টি-টোয়েন্টির সঙ্গে আপাতত যাচ্ছে না। ওর জায়গায় ভালো একজন ব্যাটার এসেছে, তাজ নিহার। সে ভালো স্ট্রাইক করে, মিডল অর্ডারে ভালো করতে পারে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত