রংধনু গ্রুপের পরিচালক মিজান ২ দিনের রিমান্ডে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ এএম

পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ আদেশ দেন।

এর আগে মিজানকে আদালতে হাজির করে মামলাটির তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক মো. আশিকুর রহমান দেওয়ান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ এপ্রিল মাহবুব রহমান মিধু বাদী হয়ে রংধনু গ্রুপের রফিকুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলাটি করেন। গত মঙ্গলবার রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল রাত সাড়ে ১১টায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে আসামি রফিকের নির্দেশে মেসার্স ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড ও সিটি মাল্টি অ্যাগ্রিকালচারাল কোম্পানির সম্পত্তিতে অনধিকার প্রবেশ করেন আসামিরা। সম্পত্তিতে থাকা সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড ভাঙচুর ও কেটে নিয়ে যান তারা। কোম্পানির সম্পত্তি দেখাশোনার দায়িত্বে থাকা তিনজন নিরাপত্তাকর্মী বাধা দিলে আসামিরা এলোপাতাড়ি কিলঘুসি মেরে তাদের আহত করেন। আসামি কাওসার আহমেদ অপু মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেন। এ সময় আসামিরা হুমকি দিয়ে বলেন, ‘যদি এই সম্পত্তি দখলে রাখতে চাস, তাহলে তোদের বসকে বলবি ৫ কোটি টাকা চাঁদা দিতে হবে। যদি চাঁদা না দেয় তাহলে ভবিষ্যতে আরও লোকজন নিয়ে এসে এই সম্পত্তি দখল করে নেব এবং যে বাধা দেবে তাকেই মেরে লাশ গুম করে ফেলব।’ আসামিরা কোম্পানির সম্পত্তিতে থাকা সাইনবোর্ড ভেঙে চুরি করে নিয়ে ২ লাখ টাকার ক্ষতি সাধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত