লেবাননে এবার শত শত ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত ২০

  • হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের জন্য তারহীন যন্ত্র ওয়াকিটকিগুলো ব্যবহার করত
  • বিস্ফোরণের এলাকাগুলোকে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসাবে বিবেচনা করা হয়
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ এএম

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে হাজার হাজার পেজার বিস্ফোরণের একদিন পরেই বুধবার শত শত যোগাযোগের তারহীন যন্ত্র ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জন আহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণগুলো মূলত রাজধানী বৈরুতের দক্ষিণ উপত্যকা, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে হয়, যেসব এলাকাগুলোকে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসাবে বিবেচনা করা হয়। এসব অঞ্চলে হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের জন্য তারহীন যন্ত্র ওয়াকিটকিগুলো ব্যবহার করত।

এর আগে মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার (যোগাযোগের তারহীন যন্ত্র) একযোগে বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ ১২ জন নিহত হয়। আহত হয় প্রায় তিন হাজার।

যদিও শুরু থেকে পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। তবে এ পর্যন্ত ইসরায়েল এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

রয়টার্স জানায়, ওয়াকিটকি বিস্ফোরণের পর বিস্ফোরিত যন্ত্রগুলোতে জাপানি রেডিও সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান "আইসিওএম" এবং "জাপানে তৈরি" লেবেল দেখা গেছে। পরবর্তীতে রয়টার্স এর আইসিওএমএর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা মন্তব্যের অনুরোধের উত্তর দেয়নি।

লেবাননের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ পাঁচ মাস আগে যখন পেজারগুলো কিনেছিল তখন একই সাথে ওয়াকিটকিগুলোও কিনেছিল।

তবে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে যে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এসব বিস্ফোরণের জন্য দায়ী। হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলছেন, ‘বিস্ফোরণটি ছিল হিজবুল্লাহর ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন।‘

সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বক্তব্যে বলেছিলেন, "আমরা যুদ্ধে একটি নতুন পর্ব শুরু করছি। এর জন্য আমাদের সাহস, সংকল্প এবং অধ্যবসায় প্রয়োজন।"

এছাড়া বিস্ফোরণগুলো হিজবুল্লাহকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়ার জন্য করা হচ্ছে বলে ধারণা করছে সংগঠনটি। এর ফলে লেবানিজ সীমান্তে সংঘাত বৃদ্ধির পাশাপাশি একটি পূর্ণ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বলছেন বিশেষজ্ঞরা।

এদিকে পেজার বিস্ফোরণের সাথে জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, সংঘাতের বৃদ্ধি এড়াতে নিবিড় কূটনীতি অনুসরণ করছে তাঁরা। রয়টার্স জানায়, নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল মঙ্গলবার ওয়াশিংটনকে জানিয়েছিল যে, তারা লেবাননে কিছু করতে যাচ্ছে। তবে ইসরায়েল সে বিষয়ে বিস্তারিত জানায়নি। যার কারণে এই ঘটনাগুলো খোদ ওয়াশিংটনের কাছে বিস্ময়কর ছিল বলছেন সেই কর্মকর্তা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত