সবাইকে শান্ত থাকার আহ্বান, পরিদর্শনে যাবেন উপদেষ্টারা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ এএম

তিন পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শনে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এদিকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক আরেক বার্তায়ও দুই জেলার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো ‘তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সবাইকে আহ্বান: পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (বৃহস্পতিবার) খাগড়াছড়ি ও আজ (শুক্রবার) রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ১৮ সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও পরে তার মৃত্যুর ঘটনা কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর।

এতে বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেওয়া যাচ্ছে। আইন নিজ হাতে তুলে নেওয়া এবং যেকোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি শিগগির গঠন করা হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবে। এই প্রতিনিধিদলে আরও থাকছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

এদিকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বার্তায় বলা হয়েছে, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় বসবাসরত সব নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচার নিশ্চিত করা হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সাল হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এমন আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাতে দেওয়া ওই বার্তায় বলা হয়, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় বসবাসরত সব নাগরিককে শান্ত থাকার আহ্বান জানাই। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত