ভারতে পাচারকালে কুমিল্লায় বাংলাদেশের তিন নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি খারেরা বিওপি। বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন খারেরা বিওপির সুবেদার মনোরঞ্জন সরকার।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে পাহাড়পুর ২০৬৯ নম্বর সীমান্ত পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে পাহাড়পুর দোতলা মসজিদসংলগ্ন পুকুরপাড়ে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা মানব পাচারের মূলহোতা মো. জুয়েল রানাসহ তিনজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন পাহাড়পুর বেলবাড়ি এলাকার জুয়েল রানা, নরসিংদীর মাধবদী পৌরসভার কোতোয়ালিচর এলাকার পার্বতী রানী সাহা ও চিহ্ন সাহা জয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে চারটি মোবাইল ফোন, বাংলাদেশ ও ভারতের সিমকার্ডসহ ৮০ হাজার টাকার বেশি উদ্ধার করা হয়। তাদের বুড়িচং থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
