রাজবাড়ীর কালুখালীতে চোর সন্দেহে নাজমুল মোল্লা (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
নামজুল মোল্লা ফরিদপুরের মধুখালী উপজেলার পূর্ব গাড়াখোলা গ্রামের মৃত আহম্মেদ মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, নাজমুলের জামাতার বাড়ি কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে। কয়েক দিন আগে নাজমুল ওই বাড়িতে বেড়াতে আসেন। গত শুক্রবার রাতে স্থানীয় আনোয়ার মুনশির বাড়ির মোটর চুরি হয়। এর আগের দিন রাতে (বৃহস্পতিবার) স্থানীয় আরেক ব্যক্তির বাড়ির সামনের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। ওই ট্রান্সফরমারটি গতকাল শনিবার ভোর ৪টার দিকে নাজমুলসহ অন্য দুজন বহন করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলেন। তারা ধাওয়া দিয়ে নাজমুলকে আটক করতে পারলেও বাকি দুজন পালিয়ে যান। এ সময় নাজমুলকে বেধড়ক মারধর করা হয়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে গতকাল সকাল ৯টার দিকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নাজমুল একজন পেশাদার চোর।
