মানসিক ভারসাম্যহীন ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের দিঘলীপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম (৬০) ওই গ্রামের কালু মিয়া প্রধানের স্ত্রী। এই হত্যাকান্ডে জড়িত ছেলে নূরে আলমকে (২২) আটক করেছে পুলিশ।

নিহত রোকেয়া বেগমের বড় মেয়ে মায়া আক্তার বলেন, ‘আমার ছোট ভাই নূরে আলম মানসিকভাবে ভারসাম্যহীন। প্রায় সময়ই সে আমাকে এবং আমার মাকে মারধর করত। আজ দুপুরে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে ঘরের দরজার সামনে দাঁড়ায় আমার ভাই। হঠাৎ মাকে দেখতে পেয়ে আমার ভাই কোনো কিছু বোঝার আগেই একটি ইট নিয়ে দৌড়ে এসে মাথায় আঘাত করে। এতে আমার মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই আমার মা মারা যান।’

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন বলেন, ‘রোকেয়া বেগমের পরিবারের লোকজন থানায় ফোন দিলে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনার সত্যতা পেয়ে নূরে আলমকে থানায় নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, ‘মূলত নুর আলম মানসিক রোগী। তাদের পরিবারের অনেকেই এই রোগে আক্রান্ত। তারপরও আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। রোকেয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে।’

ছানোয়ার হোসেন জানান, এ ঘটনায় কী ধরনের মামলা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত