রামাল্লায় আল জাজিরার অফিসে ইসরায়েলি অভিযান, বন্ধের নির্দেশ

  • অভিযানের সময় আল জাজিরা কার্যালয়ে ইসরায়েলি সেনাদের আক্রমণাত্মক দেখা গেছে
  • ইসরায়েলি সৈন্যদের অভিযানের সরাসরি সম্প্রচারিত দৃশ্য টেলিভিশনে দেখতে পান দর্শকরা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ এএম

দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল–জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

রোববার ভোরে সশস্ত্র ও মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা সরাসরি সম্প্রচারের সময় ভবনটিতে প্রবেশ করে। তবে কী কারণে অফিস বন্ধ রাখতে বলা হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা রোববার সকালে এ খবর জানিয়েছে। 

অভিযানের সময় আল–জাজিরা চ্যানেলের কার্যালয়ে ইসরায়েলি সেনাদের আক্রমণাত্মকভাবে ঢুকতে দেখা গেছে। সে সময় সরাসরি সম্প্রচার চলছিল সেখানে। ইসরায়েলি সৈন্যরা টেলিভিশনটির পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারির কাছে বন্ধের আদেশ হস্তান্তর করে।

ইসরায়েলি সৈন্যদের অভিযানের সরাসরি সম্প্রচারিত দৃশ্য টেলিভিশনে দেখতে পান দর্শকরা। লাইভ সম্প্রচার চলাকালে আদেশটি পড়ে শোনান ব্যুরো প্রধান। এরপর থেকেই চ্যানেলটির সম্প্রচার ব্যাহত হয়।

এছাড়া ইসরায়েলি অভিযানের পর থেকে রামাল্লার আল জাজিরা অফিসের চারপাশে গোলাগুলি ও টিয়ারগ্যাসের শব্দ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

এ বিষয়ে ওয়ালিদ আল-ওমারি বলেছেন, সাংবাদিকদের এইভাবে টার্গেট করার মাধ্যমে সত্যকে মুছে ফেলা এবং মানুষকে সত্য শোনা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ‘প্যালেস্টানিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট’। ওই বিবৃতিতে বলা হয়েছে সেনাবাহিনীর এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের স্বাধীনতার লঙ্ঘন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদারদের দমনপীড়ন তুলে ধরছে এমন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা আসছে বলেও ইঙ্গিত দেওয়া হয় ওই বিবৃতিতে।

এর আগে গত মে মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমে আল–জাজিরার কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি হোটেলের কক্ষে অভিযান চালায়। ইসরায়েলি সরকার আল–জাজিরা টিভির স্থানীয় কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এ ঘটনা ঘটে। আল–জাজিরা টিভি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন অভিযোগ তুলে স্থানীয়ভাবে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত