পৌর কার্যালয়ে আ.লীগের ৪ কাউন্সিলরকে গণপিটুনি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ এএম

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা কার্যালয়ে আওয়ামী লীগের চার কাউন্সিলরকে গণপিটুনি দিয়েছেন জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর ভবন গেটের সামনে এ ঘটনা ঘটে। দলীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের কারণে সাধারণ মানুষ তাদের ওপর ক্ষিপ্ত ছিলেন।

গণপিটুনির শিকার কাউন্সিলররা হলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল-আমিন, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জু ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুক্তার হোসেন। তাদের মধ্যে কাউন্সিলর আল-আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত কাউন্সিলর আল-আমিন বলেন, ‘পৌরসভার ইঞ্জিনিয়ারের সঙ্গে অফিশিয়ালি কাজের ব্যাপারে আমরা বেশ কয়েকজন কাউন্সিলর আলোচনা করছিলাম। আলোচনা শেষ করে পৌর চত্বরে এলে হঠাৎ কয়েকজন লোক আমাদের ওপর হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অন্যরা ভয়ে দৌড়ে চলে যান। বিষয়টি ভারপ্রাপ্ত ইউএনওকে জানানো হয়েছে।’

ভূঞাপুর পৌরসভার প্রকৌশলী সুকমল রায় বলেন, ‘কাউন্সিলররা অফিশিয়াল কাজে পৌরসভায় আসছিলেন। পরে আলোচনা শেষে তারা চলে যাওয়ার পর পৌরসভার বাইরে ঘটনাটি ঘটেছে বলে জেনেছি।’ এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি এখনো কেউ অবগত করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পৌরসভার প্রশাসক ফাহিমা বিনতে আখতার বলেন, ‘হামলার বিষয়টি আহত কাউন্সিলররা আমাকে জানিয়েছেন। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত