গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল ও যুবদল নেতা বহিষ্কার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে এক সাংবাদিক মারধরের শিকার হন। এ সময় বিএনপি নেতা-কর্মীরা পিস্তল ঠেকিয়ে ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন। প্রাণ ভয়ে সংবাদকর্মী ভিডিও ফুটেজ মুছে ফেলেন। এ ঘটনায় দলীয় পদ থেকে অভিযুক্ত দু’জনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয় যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এছাড়া ছিনিয়ে নেওয়া ক্যামেরা ও মোবাইল ফোনও ফেরত দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চল ও পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শাহাদাৎ হোসেন পাপ্পু।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এসকিউ সেলসিয়াস লিমিটেড পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চল ও জেলা কৃষকদলের সভাপতি এসএম আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বহিষ্কৃত যুবদল নেতা এসএম পলাশ চঞ্চল বলেন, আমি নির্দোষ তবুও দল আমাকে বহিষ্কার করে। আমার ওপর হামলা হয়েছে। আামি এ বিষয়ে দলীয় তদন্ত দাবি করছি। আশা করি তারা সত্য জেনে বুঝে আমার পদ ফিরিয়ে দেবেন। আমি দলের প্রতি শতভাগ অনুগত।

শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শাহদাৎ পাপ্পুকে সকল দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আযাদ জানান, পুলিশ অভিযানে নেমেছে। অপরাধীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত