ফাইনালের পথে পাকিস্তান বাধা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম

ভারতীয় উপমহাদেশের সবকটি দেশের আকাশই কালো। কদিন ধরে চলছে বৃষ্টি। বাদ যায়নি সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ ভুটানও। দুদিন ধরে চলা বৃষ্টির মধ্যেই নিজেদের প্রস্তুত করতে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের কিশোররা। আজ সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে আসরের সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ।

গ্রুপ পর্ব একদম ভালো যায়নি বাংলাদেশের কিশোরদের। প্রথম ম্যাচে ভারতের কাছে ০-১ গোলে হারের পর মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। শেষ ম্যাচে ভারত বড় ব্যবধানে মালদ্বীপকে হারালে সেমিতে ওঠার টিকিট পায় বাংলাদেশ। অন্যদিকে ভুটানের সঙ্গে ড্র করা ছাড়া বাকি দুই ম্যাচে নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে ওঠে পাকিস্তান। এ ম্যাচের আগে পাঁচদিন সময় পাওয়াটাকে বাড়তি হিসেবে দেখছেন দলের ম্যানেজার কামরুল হাসান হিলটন। বলেন, ‘পাঁচ দিন সময় পাওয়ায় নিজেদের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার সুযোগ হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে আমাদের ছেলেরা ভালো করতে দৃঢ় আত্মপ্রত্যয়ী। ম্যাচে বৃষ্টি হলে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কোচেরা সেভাবেই অনুশীলন করিয়েছেন।

আসরে নৈপ্ুেণ্য পিছিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। অধিনায়ক নুরুল হুদা ফয়সাল ভাবছেন সেভাবেই, ‘এখন আমরা সেমিফাইনাল অর্থাৎ নকআউটে পৌঁছে গেছি।’ প্রতিপক্ষের সামর্থ্য তুলনা করতে গিয়ে অধিনায়ক বলেন, ‘অবশ্যই পাকিস্তান একটি ভালো দল। ওরা গ্রুপ পর্বে ভালো করে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে এসেছে। কিছু পার্থক্য থাকলেও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত