চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সমাবেশ করেছেন বরিশাল বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। এ সময় তাদের নানা দুর্দশা ও বৈষম্যের চিত্র তুলে ধরে দ্রুত সময়ে দাবি পূরণের আলটিমেটাম দেন। গতকাল শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষকরা বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম, কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পেলেও আমরা পাই ১ হাজার টাকা। সরকারি শিক্ষকরা চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা পেলেও আমাদের দেওয়া হয় ৫০০ টাকা। উৎসব ভাতা, বাড়িভাড়াসহ প্রতিটি জায়গায় সরকারি আর বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য আছে।
