গাজীপুর

আনসার সদস্য ও কর্মকর্তাদের কুপিয়ে ব্যাংকের টাকা ছিনতাই

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

গাজীপুরে দিন-দুপুরে আনসার সদস্য ও ব্যাংক কর্মকর্তাদের কুপিয়ে সোনালী ব্যাংকের উপ-শাখার সাত লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ৪ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।

সোনালী ব্যাংক গাজীপুর কোর্টবিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান ও স্থানীয়রা জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপ-শাখার ৭ লক্ষাধিক টাকা একটি অটোরিকশায় ওই চারজন কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকাল ৫টার দিকে তারা রথখোলা এলাকায় পৌঁছলে ৬টি মোটরসাইকেলে ১০/১২ জন যুবক এসে অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাধা দিলে যুবকরা ফাঁকা গুলি ছুড়ে ওই চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে চলে যায়। আশেপাশের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জিএমপির সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত