সেপ্টেম্বরে ডেঙ্গুতে ৮০ মৃত্যু, ১৮০৯৭ রোগী

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:২৫ এএম

দেশে ডেঙ্গুতে সেপ্টেম্বরে ৮০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ। এ নিয়ে এই বছরের গত ৯ মাসে মারা গেল ১৬৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ) মারা গেছে পাঁচজন। এর আগে বছরের সর্বোচ্চ মৃত্যু ছিল গত আগস্টে ২৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ১৫২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে সেপ্টেম্বরে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৮ হাজার ৯৭ জন। এই সংখ্যা বছরের সর্বোচ্চ। এর আগে বছরের সর্বোচ্চ রোগী ছিল গত আগস্টে ৬ হাজার ৫২১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ এসব তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। মৃতদের মধ্যে দুজন রাজধানীর দুই সিটি করপোরেশনে এবং একজন করে বরিশাল, চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগে ভর্তি ছিল। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেল ১৬৩ জন। তাদের মধ্যে ৫১ শতাংশ বা ৮৩ জন নারী ও ৪৯ শতাংশ বা ৮০ জন পুরুষ।

নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ৭৫৮ পুরুষ ও ৩৯৪ জন নারী। তাদের মধ্যে সর্বোচ্চ ২৫২ জন ঢাকা উত্তর সিটিতে ও সর্বনিম্ন ২৭ জন ময়মনসিংহ বিভাগে ভর্তি হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৩৩ জন, ঢাকা বিভাগে ২১৯, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭, খুলনা বিভাগে ৮৬, বরিশাল বিভাগে ৭০, রাজশাহী বিভাগে ৪০, রংপুর বিভাগে ৩৮ ও ময়মনসিংহ বিভাগে ২৭ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছরের গত ৯ মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৯৩৮ জন। তাদের মধ্যে সেপ্টেম্বরেই সর্বোচ্চ ১৮ হাজার ৯৭ রোগী ভর্তি হয়েছে, যা মোট রোগীর ৫৮ শতাংশ। এরপর আগস্টে রোগী ছিল ৬ হাজার ৫২১ ও জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন। বছরের সর্বনিম্ন রোগী এখন পর্যন্ত মার্চে ৩১১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত