মিথ্যা মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মাহমুদুর রহমান দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিকভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে। ফ্যাসিবাদের হিংসার আক্রমণে তাকে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে। গণতন্ত্রের পক্ষে সাহসী ও ক্ষুরধার লেখনীর জন্যই শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বহু মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাসহ ফরমায়েশি সাজা দিয়ে অকথ্য জুলুম এবং নিপীড়ন চালিয়েছে। তবু তিনি আওয়ামী সরকারের রক্তচক্ষুর ভয়ে ভীত না হয়ে নিজ নীতি ও আদর্শে অটল থেকেছেন।
