সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসাররাও এখন থেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা পেয়েছেন। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় আগের একটি প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এ সিদ্ধান্ত জানিয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসারদের (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আগে শুধু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, এটিও একই স্মারক ও তারিখে প্রতিস্থাপিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
