তিন কোটি টাকার চেক দিয়ে জেলা প্রশাসক (ডিসি) পদায়ন নিয়ে সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। এর মাধ্যমে বড় ধরনের গুজব ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
গতকাল সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে মোখলেস উর রহমান এ সব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সম্প্রতি একটি পত্রিকা একটি বড় ধরনের গুজব ছড়িয়েছে। ছবি দিয়ে একেবারে ভাইরাল নিউজ করেছে। এ ব্যাপারে আমি আপনাদের অনুরোধ করব, একটা খবর দেওয়ার আগে ভেরিফিকেশন (যাচাই) করা। এই ধরনের একটা খবর ছাপিয়ে আপনাদের সম্পর্কে একটি প্রশ্নবোধক এসে যায়।’
জ্যেষ্ঠ সচিব বলেন, ‘এক কথায় বলে দিতে পারি, ভুয়া একটি বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে। এতে কেউ ছোট হয় না, দিন শেষে যারা এটা করেছে তারাই ছোট হয়েছে।’
‘বাংলাদেশ ব্যাংককে আমরা অনুরোধ করব সব ব্যাংকে যেন নির্দেশনা দেয়, এটা আছে তবু আবার নতুন করে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কী কী নিয়ম মানা হবে। এ ধরনের একটা ফেক লোক এত বড় একটি ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে, এ ব্যাপারে তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বিভাগকে অনুরোধ করছি,’ বলেন তিনি।
মোখলেস উর রহমান বলেন, ‘আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রিকোয়েস্ট লেটার দেব, এই মন্ত্রণালয় যাতে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়।’
