ঈশ্বরগঞ্জে বিনামূল্যে ছাগলের পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল-ভেড়ার বিনামূল্যে ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তারি গ্রামের পস্তারি জামে মসজিদ সংলগ্ন এই পিপিআর টিকাদানের কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জে ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পিপিআর ভ্যাক্সিনের ৪৪ হাজার ৭০০  ডোজ ছাগল-ভেড়াকে বরাদ্দ দেওয়া হবে। এই ভাইরাসজনিত পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুর মুখে পতিত হয়। 

পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় প্রত্যেকটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। উপজেলার ১১ টি ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিংয়ের মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেওয়া হবে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলমের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. পল্লব বৈশ্যের সঞ্চালনায় টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. এহসানুল হক, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

আলোচনা শেষে অনুষ্ঠানে নিয়ে আসা প্রান্তিক কৃষকদের ছাগল ও ভেড়াকে টিকা দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, ছাগলকে গরীবের গাভী বলা হয়। ছাগল-ভেড়া পালনকে লাভজনক ও রপ্তানিমুখী করতে হলে বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল করতে হবে। তাই ভ্যাক্সিনেশনের কোনো বিকল্প নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত