‘শিক্ষার্থীদের ওপর হামলার মদদদাতা’ জাবি শিক্ষক জগন্নাথে আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে অধ্যাপক ফরিদ আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলে ওই শিক্ষককে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নুরুল আলমকে প্রধান করে আশুলিয়া থানায় মামলা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম। মামলায় হামলার মদদ দেওয়ার অভিযোগে ফরিদ আহমেদকে ৭ নম্বর আসামি করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী তাওহিদ ইসলাম বলেন, ‘আজ সকালে আমাদের বিশ্ববিদ্যালয়ে সে এলে তাকে চিনতে পারি। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা আছে। আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।’  

 কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে দিয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। তিনি এখন আমাদের হেফাজতে আছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত