মাধব রাও সিন্ধিয়া স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তাই আগে এখানে কেমন রান হয়েছে, উইকেট কেমন ছিল এই নিয়ে নেই কোন পরিসংখ্যান। তবে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জীভ রাও জানিয়েছেন, এখানে রান উৎসব হবে। কারণ লোকে টি-টোয়েন্টি দেখেই আসে রানের জন্য।
দেশ রূপান্তরকে সঞ্জীভ জানান, ' এই মাঠে আগে কোন রঞ্জি ম্যাচও হয়নি। এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। তবে কিছুদিন আগে আমরা মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ করেছিলাম, ১৫ দিনের মত চলেছে টুর্নামেন্টটা। সেখানে তো রান হয়েছে, ২০০ রান হয়েছে ইনিংসে। লোকে তো টি-টোয়েন্টি রানের জন্যই দেখতে আসে'। কানপুরের মত বৃষ্টিতে ম্যাচ পন্ড হতে দেবেন না বলে জানিয়েছেন সঞ্জীব, ' আমাদের মাঠ ঢাকার পুরো কভার আছে, ড্রেনেজ সিস্টেম ভাল, সব কিছু আছে। বৃষ্টি যদি খেলার সময় আসে তাহলে তো খেলা থামানোই লাগবে। তবে আগে হলে আমরা মাঠ তৈরি করে ফেলব'। এরই সঙ্গে সঞ্জীভ জানিয়েছেন, প্রথম ম্যাচ হলেও নেই বিশেষ কোন আয়োজন।
