বগুড়ার শেরপুরে বাঁশ ও জিআই তারের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে পড়েছেন ১০ গ্রামের মানুষ। রাস্তাটি দিয়ে শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার তেঁতুলিয়া, বংশধর, জামুর, খুরতা, তুলাশন, বড়পুকুরিয়া, ধুন্দার, কদমকুরী, বীরপলী, শরিষাবাদের মানুষ চলাচলের পাশাপাশি কৃষিপণ্য আনা-নেওয়া করেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার বিশালপুর ইউনিয়নের তেঁতুলিয়া পশ্চিম পাড়া গ্রামে গিয়ে এ চিত্র দেখা যায়। ২৯ দিন অতিবাহিত হলেও বিষয়টি সুরাহা না হওয়ায় ভোগান্তির মধ্যে রয়েছেন ওই এলাকার মানুষ।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর তেঁতুলিয়া পশ্চিমপাড়া গ্রামের হাফিজার হাজি, শাহাদত মাস্টার, মোজাম ও আশরাফ আলী বাঁশের খুঁটি ও জিআই তারের নেট দিয়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এরপর থেকে গ্রামবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বলেন, ‘আমি সবেমাত্র ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পেয়েছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অতি দ্রুত বিষয়টি সুরাহা করা হবে।’
