কুমিল্লায় শ্বশুরের ভাড়া করা সন্ত্রাসী বাহিনীর অপহরণের শিকার স্ত্রীকে ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নূরুল হাসান প্রভাত (২৬) নামে এক যুবক। এ সময় অপহৃত স্ত্রীকে দ্রুত উদ্ধার করে তার কাছে ফেরত না দিলে শ্বশুরবাড়িতে গিয়ে আত্মহত্যা করার হুমকি দেন। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর একটি হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ভুক্তভোগী নূরুল হাসান প্রভাত জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে নূরুল হাসান প্রভাত জানান, একই এলাকার এনামুল হক ভূঁইয়া ওরফে দুলালের মেয়ে তানজিন সুলতানা নিলার (২১) সঙ্গে তার প্রেমের সম্পর্ক পাঁচ বছরের। ওই সম্পর্কের জেরে গত ৩০ এপ্রিল বিয়ে করেন দুজন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নিলার বাবা-ভাইসহ সশস্ত্র এক দল সন্ত্রাসী প্রভাতের বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং তার অসুস্থ বাবা নূরুল আমিন ও তার মাসহ পরিবারের লোকজনকে মারধর করে।
এ সময় তারা নিলাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
