ব্যাটিং ব্যর্থতায় ২১ রানে হারতে হলো জ্যোতিদের

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:০৫ পিএম

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে এই শারজাতেই প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ করেছিল ১১৯ রান। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডও ঠিক সমান রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশরা ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১১৮ রান। ১১৯ রানের সেই লক্ষ্য এবারও ছুঁতে পারেননি আগের তিন দেখায় কখনো জয় না পাওয়া বাংলাদেশ। ৭ উইকেটে ৯৭ রানে থেমে গিয়ে হারতে হয়েছে ২১ রানের ব্যবধানে।

শারজার ধীরগতির উইকেটে ইংলিশ স্পিনারদের ঘুর্ণিবিষের জবাব ছিল না বাংলাদেশি ব্যাটারদের কাছে। ৩ ওভার শেষে বিনা উইকেটে সাথী-দিলারার ১৬ রান আশা জাগাচ্ছিল। সেই আশায় বাদ সাধেন ইংলিশ স্পিনাররা। লিনসে স্মিথ ও চার্লি ডিন মিলে আটকে রাখেন রানের চাকা। ৩৫ রানের জুটিশেষে জ্যোতি রানআউটে ফিরলে বাড়ে আফসোস। সোবহানা মোশতারি ৪৮ বলে এক চার-ছক্কায় ৪৪ রান করলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। স্মিথ ১১ ও ডিন ২২ রানে শিকার করেন ২ উইকেট। ন্যাট শিভার-ব্রান্ট ও সারাহ গ্লেন নেন ১টি করে উইকেট।

বাংলাদেশি বোলারদের মধ্যে এদিন আলো ছড়ান ফাহিমা খাতুন। পাওয়ার প্লেতে ইংল্যান্ড বিনা উইকেটে ৪৭ রান তুলে ফেলার পর তাদেরকে চেপে ধরেন ফাহিমারা। ৪ ওভারের স্পেলে ১৮ রানের বিনিময়ে তিনি শিকার করেন ২ উইকেট। সমান ২টি করে উইকেট নেন আগের ম্যাচের সেরা রিতু মণি ও নাহিদা আক্তার। আরেকটি উইকেট নেন রাবেয়া খান। ইংলিশদের মধ্যে সর্বোচ্চ ৪১ রান করেন ড্যানি ওয়াট। মায়া বুশিয়েরের ব্যাটে আসে ২৩ রান। এর পর অ্যামি জোন্সের ১২ রান ছাড়া আর কেউ দুই অঙ্ক দেখেননি। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচ বাংলাদেশের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত