প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছেন নাজিফা মুনজারিন সিনতা (২৫) নামের এক তরুণী। তিনি কুমিল্লার আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ অপু (৩২) নামের এক যুবককে বিয়ে করেন। গত শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর একটি কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এর আগে গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ওই তরুণী।
গত বৃহস্পতিবার তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। অপু কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার শামসুদ্দিন আহাম্মদ ও ফরিদা ইয়াসমিনের ছেলে।
নাজিফা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলকের মেয়ে। জন্মলগ্ন থেকেই তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বাংলাদেশে এসে ইসলাম ধর্মগ্রহণ করেন। মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয়। অপু জানান, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবনে আছেন তিনি। সেখানে একটি কোম্পানিতে চাকরির সুবাদে পরিচয় হয় একই কোম্পানিতে কাজ করা সিনতার সঙ্গে। এরপর বন্ধুত্ব হলে পরে ভালোবাসায় রূপ নেয় তাদের সম্পর্ক। ভালোবাসাকে চূড়ান্ত রূপ দিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
তিনি আরও জানান, সিনতা মালয়েশিয়া থাকলেও তার পরিবার ইন্দোনেশিয়ায় বসবাস করেন। সে তার পরিবারের সম্মতিতেই বাংলাদেশে এসেছে এবং বিয়ে করেছে। কয়েক দিন বাংলাদেশে থাকার পর তারা ইন্দোনেশিয়ায় ফিরবেন। নাজিফা ইন্দোনেশিয়ার ভাষায় বলেন, ‘বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক। আমি তাদের আতিথেয়তায় ভীষণ মুগ্ধ হয়েছি। এখানকার সবাই আমাকে আপন করে নিয়েছে।’ অপুর মা ফরিদা ইয়াসমিন বলেন, ‘বিদেশি মেয়েদের মনমানসিকতা এত সুন্দর হয়, এত আন্তরিক হয় সিনতাকে না দেখলে বুঝতে পারতাম না। সে আমার পুরো পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে।’
