মুন্সীগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০১:০৯ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে রাতের আঁধারে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম ফজিলত বেগম (৭০) । শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতের যে কোনো সময় জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

রবিবার (৬ অক্টোবর) সকালে ওই গ্রামের সড়কের পাশের একটি খুপড়ি ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধা ফজিলত বেগম হাসাইল-বানারী ইউনিয়নের সোহরাব হোসেনের স্ত্রী।

নিহতের ছেলে ফজল হোসেন জানান, হাসাইল-বানারী ইউনিয়নে পদ্মার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে তার মা ফজিলত বেগম পাশ্ববর্তী পাঁচগাঁও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামের সড়কের পাশের একটি খুপড়ি ঘরে একাই বসবাস করতেন। পরিবারের অন্য কোনো সদস্য তার সঙ্গে থাকতেন না। রবিবার সকালে তিনি তার স্ত্রীর মাধ্যমে জানতে পারেন তার মা মারা গেছেন। পরে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর রক্তাক্ত লাশ দেখতে পান। তবে নিহতের ছেলের দাবি তার মায়ের সঙ্গে কারো কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। কে বাবা কারা তার মাকে কুপিয়ে মেরেছে তা জানেন না।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিদুল ইসলাম জানান, ওই বৃদ্ধা সড়কের পাশের একটি ঘরে একাই থাকতেন। তার ছেলে-মেয়েরা অন্যত্র বসবাস করেন। বৃদ্ধার স্বামী থাকলেও তার সঙ্গে থাকেন না। রাতের আঁধারে কেউ তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার পেটে ও শরীরে কোপের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত