বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশে বিচারক ‘আদালত হট্টগোলের জায়গা নয়’

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ব্যবসায়ী হুমায়ুন কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টে্রট জিয়াদুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব—ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবুল কালাম আজাদের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, তিনি একজন সফল সচিব। ২০১৮ সালে তিনি আবসরে গেছেন, এমপি হিসেবে এলাকায় অনেক কাজ করেছেন। এতো কাজ করেছেন যে উনার কাছে কিছু চাইতে হয়নি। এলাকাকে আলোকিত করেছে। এ মামলায় তার নাম নেই।

শুনানিকালে অ্যাডভোকেট ওমর ফারুকীর নেতৃত্ব বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েন সাবেক মুখ্য সচিবের আইনজীবী। তখন আদালত আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, ‘ভুলে যাবেন না আইনজীবীদের আচরণ আইনজীবীদের মতো হতে হবে। উনি একজন সিনিয়র আইনজীবী। এ ছাড়া আদালত রাগ ও হট্টগোল দেখানোর জায়গা না। আদালতকে সহযোগিতা করুন। তা না হলে রাষ্ট্র পক্ষকে মামলা পরিচালনা করা সুযোগ দেন।’

বিচারক আরও বলেন, ‘আপনারা শোনেন ফ্যাসিবাদ, ইন টলারেন্স টু আদারস। এরকম হট্টগোল আগে দেখিনি। বড় বড় মামলা করেছি। উনাদের (আসামিপক্ষ) সুযোগ দিতে হবে।’

আদালত বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ্য আরও বলেন, ‘বিষয়টা এমন যেন কোর্টকে প্রেশার দিচ্ছেন। প্রেশার নেওয়ার মানুষ আমি না। এজন্য এতদিন এখানে (ঢাকায়) আসিনি।

আদালত বলেন, ‘আপনারা যে হট্টগোল করছেন আপনাদের তো নাম আসছে না। কারণ আদালতের ভেতরে কোনও টেলিভিশন নেই। বাইরে গিয়ে যত বক্তব্য দেয়ার দিবেন। এমন করলে মানুষ বলবে এটা ক্যাঙ্গারু কোর্ট।’ বিচারক এসময় কয়েকজন আইনজীবীকে ডেকে চিৎকার, হট্টগোল করতে বারণ করেন।

গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা চালালে পুলিশের গুলিতে যুবদল নেতা শামীম নিহত হন। এ মামলায় গতকাল আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত