ভুয়া ভিডিও ধরিয়ে দিলেই পুরস্কার ও চাকরি দেবেন মমতা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম

আরজি কর হাসপাতালে ধর্ষণের পর চিকিৎসক হত্যার ঘটনায় তোলপাড় ভারতের পশ্চিমবঙ্গে। এমন প্রেক্ষাপটে ‘ভুয়া ভিডিও’ ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ অবস্থায় ভুয়া ভিডিও ধরিয়ে দিতে পারলে নারীদের পুরস্কার ও চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার (৬ অক্টোবর) রাজ্যের পুলিশ লাইনে পূজা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনে এআই বেরিয়েছে। আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন। কিন্তু ওইটা আমি নই, ফেক; এটাই এআই। এখন সাইবার ক্রাইম বেশি হচ্ছে। আর সাইবার ক্রাইম করে তারাই এদের বেশি মদদ দিয়ে চলে।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে বলছি যে মেয়েরা প্রথমে অপরাধ সনাক্ত করতে পারবে, নকল ভিডিওগুলো ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের প্রথম ১০০ জনের জন্য পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে। সব কিছু সবার দ্বারা হয় না। এই কাজটা মেয়েরাই পারবে।

মুখ্যমন্ত্রী বলেন, যারা রাস্তায় আন্দোলন করেন আমি সমর্থন করি তাদের। তবে এটাও প্রচার করুন ইউটিউবে যে খারাপ ভিডিও দেওয়া হয় সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতা বেড়েছে, তাদের দোষ দিই না। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়। আমি বারবার বলি ক্রাইম দেখাবে না। এই অপরাধ দেখে অন্যরা ফলো করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত