তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, বন্যা ও নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল রবিবার দুপুরে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘তিস্তা বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এ মানববন্ধন-সমাবেশ হয়।
মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, ভারতের পানি আগ্রাসনের কারণে একবার আমরা বন্যার পানিতে ডুবছি, আরেকবার খরায় পুড়ছি। তিস্তাপাড়ের মানুষের জীবন-প্রকৃতি আজ ধ্বংসের মুখে। নদীতে পানি প্রবাহ দুর্বল থাকায় বালু পড়ে নদী ভরাট হচ্ছে। ফলে এ বর্ষায় নদীভাঙন ও বন্যার কবলে পড়ে হাজার হাজার একর জমি নদীতে হারিয়ে যাচ্ছে, ফসল, ঘরবাড়ি, জনপদ ভেসে যাচ্ছে। ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের কারণে উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকা বিপন্ন। গোটা অঞ্চলের কৃষি-মৎস্য সম্পদ, পরিবেশ-প্রকৃতি বিপর্যস্ত।
বক্তারা আরও বলেন, ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করেছে। তারা আমাদের সঙ্গে সাম্রাজ্যবাদী ক্ষমতার দাপট দেখাচ্ছে। এ অবস্থা শুধু তিস্তার ক্ষেত্রেই নয়, ভারত থেকে আসা ৫৪টি নদীর পানি প্রবাহ তারা একইভাবে নিয়ন্ত্রণ করছে। স্বাধীনতা পর থেকে আজ পর্যন্ত সব শাসক দেশের স্বার্থের কথা বিবেচনা করেনি। পানিসম্পদ রক্ষার কথাও চিন্তা করেনি তারা।
