যে কারণে পাকিস্তানি ক্রিকেটার ‘চুপ’ থাকতে বললেন গিলেস্পি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১১:১৫ এএম

ঘরে-বাইরে কঠিন এক সময় পার করছে পাকিস্তান। বাংলাদেশের কাছে টেস্টে ধবলধোলাইয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠেনি। থামছে না সমালোচনাও। এবার তাদের সামনে সুযোগ ঘুরে দাঁড়ানোর। আজ শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে ভালো করলে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে শান মাসুদের দল। পাশাপাশি সমালোচকদের মু্খও বন্ধ করা যাবে।

প্রথম টেস্টটি হচ্ছে মুলতানে। যে ম্যাচ শুরুর আগে নতুন করে আলোচনা শুরু হয়েছে উইকেটের ধরন নিয়ে। পাকিস্তান দলের ব্যাটসম্যানরা নাকি ঘরের মাঠে ফ্ল্যাট পিচ দেওয়ার জন্য জোর দিচ্ছেন। এই প্রবণতা প্রায়ই দলটির জন্য উল্টো ফল নিয়ে এসেছে। ফলে স্পোর্টিং উইকেটে খেলার সময় তাদের ব্যাপকভাবে ভুগতেও হয়।

এ কারণেই হয়তো পাকিস্তানি ব্যাটসম্যানদের ‘তক্তা উইকেটের’ দাবির বিপরীতে অবস্থান নিয়েছেন দলের প্রধান কোচ জেসন গিলেস্পি। পাকিস্তান দলের বিশেষ ধরনের উইকেট চাওয়া এবং গিলেস্পির বিরোধিতার খবরটি সামনে এনেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। নিজের ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

বাসিত বলেছেন, ‘আমি আপনাদের একটি ভেতরের খবর জানাব। জেসন গিলেস্পি পাকিস্তানি ব্যাটসম্যানদের চুপ করে থাকার কথা বলেছেন। তিনি চান উইকেট গ্রাউন্ডসম্যানরা যেভাবে তৈরি করেছে, সেভাবেই থাকুক।’

বাসিত পাকিস্তানি ব্যাটসম্যানদের চাওয়া নিয়ে বলেছেন, ‘পাকিস্তানি ব্যাটসম্যানরা চায় ঘাস কেটে ফ্ল্যাট উইকেট বানানো হোক। আর পিচ কিউরেটর এবং গিলেস্পি চান একই উইকেটে খেলাতে। আমি খুবই খুশি হব, যদি ঘাসের উইকেটে ম্যাচ হয় এবং আমাদের বোলাররা উইকেট নিতে পারে।’

অবশ্য উইকেট ফ্ল্যাট হোক কিংবা স্পোর্টিং, পাকিস্তান এখন যেকোনো মূল্যে জিততে মরিয়া। ঘরের মাঠে দলটি সর্বশেষ ম্যাচ জিতেছে ১ হাজার ৩৩৮ দিন আগে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তারা সর্বশেষ জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শান মাসুদের নেতৃত্বেও এখনো জয়ের দেখা পায়নি পাকিস্তান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত