বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ এএম

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন।

জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ ১৬তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের এ তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর এ তালিকা প্রকাশ করে আসছে। এবার প্রকাশ করা হয়েছে ২০২৫ সালের তালিকা।

বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রতিবছর প্রকাশিত হয় ‘দ্য মুসলিম ৫০০ : দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামের এ তালিকা। বিশ্বের ২১০ কোটিরও বেশি মুসলিমের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, তাদের বেছে নেওয়াই এই প্রকাশনার মূল লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এ বছরের তালিকাটি তৈরি করা হয়েছে। এ তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এগুলো হলো : ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এবার শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের পাশাপাশি ৪৫০ জনের একটি সম্প্রসারিত তালিকাও প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিশেষ উল্লেখের মাধ্যমে বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিমের নামও উঠে এসেছে এ তালিকায়। যাদের অবদান কম হলেও গুরুত্বপূর্ণ।

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত।

গত আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত