ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এখনও জীবিত আছেন এবং কাতারে থাকা মধ্যস্থতাকারীদের সঙ্গে পুনরায় যোগাযোগ করেছেন। ইসরায়েলের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের ওয়েব পোর্টাল ওয়াল্লা। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাসের।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সিনওয়ার কাতারে হামাসের মধ্যস্থতাকারীদের কাছে বেশ কিছু বার্তা পাঠিয়েছেন। তবে বার্তাগুলো ঠিক কখন পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়।
ইসরায়েলি কর্মকর্তারা উল্লেখ করেছেন, বার্তাগুলো থেকে কোনোভাবেই হামাসের অবস্থান নরম হওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি। বিশেষ করে, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়ে হামাসের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
এর আগে, ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সিনওয়ারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। এমনকি তার মৃত্যুর পরও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।
ইসরায়েলি বাহিনী সম্প্রতি হামাস ও হিজবুল্লাহর ওপর চাপ বৃদ্ধি করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হামাসের নেতাদের অবস্থান নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
ইসরায়েলে শতাধিক রকেট হামলা চালাল হিজবুল্লাহ