বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ ও আন্দোলনকে ‘বিশৃঙ্খলা’ বলাসহ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাময়িক বরখাস্ত) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) মামলার আবেদন গ্রহণ করে তাকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন দিয়েছে ঢাকার একটি আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পক্ষে এ মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম। বাদীর পক্ষে আদালতে তিনি শুনানি করেন।
মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র—জনতার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকারপ্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।
অ্যাডভোকেট খাদেমুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আদালত তাকে হাজির হতে সমন দিয়েছেন।’
সম্প্রতি ফেইসবুকে এক পোস্টে তাপসী তাবাসসুম ঊর্মি আবু সাঈদ ও ছাত্র—জনতার আন্দোলনে গণহত্যা নিয়ে কটূক্তি করেন। আরেক পোস্টে তিনি সরকারের ‘কাউন্টডাউন শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেন। এছাড়া সরকার প্রধান ড. ইউনূসকে নিয়েও কটূক্তি করেন তিনি। এ ঘটনায় গত ৬ অক্টোবর তাবাসসুম ঊর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করার পর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
