মেয়েদের প্রচলিত সমস্যা হলো অনিয়মিত ঋতুস্রাব। অনেকের মাসিকের সময় অনেক ব্যথাও হয়। অনিয়মিত মাসিকের কারণে মেয়েদের গর্ভধারণেও সমস্যা দেখা দেয়। একজন নারীর জীবনে ঋতুচক্র শুরু হওয়ার ২১ দিন থেকে ৩৫ দিনের মধ্যে যেটি হয় সেটি নিয়মিত ঋতুস্রাব। যদি ২১ দিনের আগে বা ৩৫ দিনের পরে হয় তবে অনিয়মিত ঋতুস্রাব বলে। অনিয়মিত ঋতুস্রাব সাধারণত যৌবনের প্রারম্ভে এবং যৌবন শেষে হতে পারে। যৌবনের প্রারম্ভে সাধারণত ১২ থেকে ২০ বছর বয়সে কারও শরীরের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন যদি অপরিপক্ব (প্রিমেচিউর) থাকে তবে অনিয়মিত ঋতুস্রাব হয়। আবার নারী শরীরে মেনোপজ শুরু হওয়ার আগে এ ধরনের সমস্যা হয়।
কারণ : শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের তারতম্যের কারণে এই সমস্যা হয়। বিবাহিত নারীরা হঠাৎ জন্মনিয়ন্ত্রক ওষুধ বন্ধ করে দিলে হতে পারে। বিভিন্ন ধরনের মানসিক চাপের ফলে হয়। এনেমিয়া হলে অনিয়মিত মাসিক হওয়ার আশঙ্কা থাকে। ওজন বেড়ে গেলে এই সমস্যা হয়। জরায়ুর বিভিন্ন জটিলতার কারণে হতে পারে। সহবাসের সময় পুরুষের শরীর থেকে আসা অসুখ যেমন : গনোরিয়া, সিফিলিস ইত্যাদি। শরীরে টিউমার ও ক্যানসার ইত্যাদি অসুখের কারণেও হতে পারে। প্রি মেনোপজের সময় হয়ে থাকে। যেসব নারী শিশুদের বুকের দুধ খাওয়ান সেসব নারীর অনিয়মিত ঋতুস্রাব হতে পারে।
সমস্যা: প্রতি মাসে নিয়মিত ঋতুস্রাব হয় না। এক মাসে রক্তপাত হলে হয়তো আরেক মাসে হয় না। অনেকের ক্ষেত্রে দুই-তিন মাস পরপর হয়। ঋতুস্রাব বেশি সময় ধরে বা অল্প রক্তপাত কিংবা বেশি হয়। সন্তান ধারণক্ষমতা হ্রাস পায়। অনাকাক্সিক্ষত গর্ভধারণ হতে পারে। মেজাজ খিটখিটে থাকা এবং অস্বস্তিবোধ তৈরি হয়।
চিকিৎসা : চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত হরমোনাল থেরাপি দেওয়া হয়। যদি বেশি ওজনের জন্য এই সমস্যা হয় তবে ডায়েট ও ব্যয়াম করতে বলা হয়। অনেকের ক্ষেত্রে মেয়ের পাশাপাশি মাকেও কাউন্সিলিং দেওয়া হয়। সন্তান ধারণক্ষম বয়সে সমস্যা অনুযায়ী চিকিৎসা করাতে হবে। বেশি রক্তপাত হলে আয়রন সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত।
ঘরোয়া চিকিৎসা : কাঁচা পেঁপে খেলে অনিয়মিত মাসিকের জন্য অনেক উপকারী। মাসিক নিয়মিতকরণে মৌরি খুবই ভালো একটি পথ্য হিসেবে কাজ করে। আঙুর ফলও পিরিয়ড নিয়মিত করার জন্য কার্যকরী। প্রতিদিন আঙুরের জুস খেলে বা খাবারের তালিকায় আঙুর মাসিক নিয়মিত হতে সহায়তা করে। করলার রস,গাজরে রয়েছে প্রচুর বেটা ক্যারোটিন, যা মাসিক নিয়মিত করতে সাহায্য করে।
কখন ডাক্তারের কাছে যাবেন : যদি বছরে তিনবারের বেশি ঋতুস্রাব না হয়। ঋতুস্রাব ২১ দিনের আগে এবং ৩৫ দিনের পরে হয়। ঋতুস্রাবের সময় বেশি রক্তপাত হলে। সাত দিনের বেশি সময় ধরে হলে। ঋতুস্রাবের সময় খুব ব্যথা করলে। জীবনযাপনে পরিবর্তন ও শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করা। পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আয়রন জাতীয় খাবার খেতে হবে, যাতে শরীরে পরিমিত পরিমাণে রক্ত থাকে।
