দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচজন মারা গেে । এ নিয়ে এ মাসের গত ৮ দিনে এই রোগে ৩০ জন মারা গেল। এর আগে গত মাসের প্রথম ৮ দিনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। সে হিসেবে এ মাসে মৃত্যু দ্বিগুণের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে মৃত্যুর এই পরিসংখ্যান পাওয়া গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে নতুন মৃতদের মধ্যে চারজনই ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিল। বাকি একজন মারা গেছে বরিশাল বিভাগে। মৃতদের তিনজন পুরুষ ও দুজন নারী। নারীরা ২১-২৫ বছর ও ৩৬-৪০ বছর বয়সী এবং পুরুষরা ২৬-৩০ বছর, ৫১-৫৫ বছর ও ৫৬-৬০ বছর বয়সী।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে ৯৮১ জন। এ নিয়ে এ মাসে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮৫১ জনে। গত মাসের প্রথম ৮ দিনে রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৮২৯ জন। সে হিসেবে এ মাসে রোগী তিনগুণ বেশি।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা উত্তর সিটিতে ১৯৬ জন ও সর্বনিম্ন চারজন সিলেটে। এ ছাড়া ১৮০ জন ঢাকা দক্ষিণ সিটিতে, ১৬০ চট্টগ্রাম বিভাগে, ১৫৯ জন ঢাকা বিভাগে, ৯৫ জন খুলনা বিভাগে, ৯৩ জন বরিশাল বিভাগে, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ৩০ জন ও ময়মনসিংহে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে ৬২১ জন বা ৬৩ শতাংশ পুরুষ ও ৩৬০ জন বা ৩৭ শতাংশ নারী।
এ নিয়ে এ বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ৭৮৯ জন। তাদের মধ্যে ২৪ হাজার ৫২৭ জন বা ৬৩ শতাংশ পুরুষ এবং ১৪ হাজার ২৬২ জন বা ৩৭ শতাংশ নারী।
এ বছর ডেঙ্গুতে মোট মারা গেছে ১৯৩ জন। তাদের মধ্যে নারী ও পুরুষ প্রায় সমান। পুরুষ মারা গেছে ৯৭ জন ও নারী ৯৬ জন।
