দুর্গাপূজা উপলক্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা উদ্বেগের বিষয়টিকে আন্তরিকভাবে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
তিনি বলেছেন, ‘সারা দেশের সব পূজামণ্ডপে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত টহলসহ আইপি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘হিন্দু সম্প্রদায় থেকে যে সিকিউরিটি কনসান্স দেওয়া হয়েছে সেগুলো নিয়ে সরকার বিশেষভাবে কাজ করছে। আইপি ক্যামেরার মাধ্যমে ম-পগুলো ইউএনও অফিস ও থানা মনিটরিং করবে। সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি সেবা ৯৯৯ বিশেষ একটি টিম কাজ করবে। পুলিশ ও র্যাবের টহল থাকবে। গোয়েন্দা সংস্থার একটি বিশেষ টিম কাজ করবে।’
বৌদ্ধ ধর্মাবলম্বীরা চীবর দান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করতে পারেন সেই ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। তাদের সঙ্গে কথা হবে, তাদের সেই মতামত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অপূর্ব।
উপ প্রেস সচিব বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে এবং ভোক্তাদের ভোগান্তি দূর করতে সরকার বাজার তদারকি জোরদার করেছে। এ বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে।’
অপূর্ব বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কেন্দ্র ও জেলা পর্যায়ের টাস্কফোর্সের মাধ্যমে সার্বক্ষণিক বাজার পর্যবেক্ষণ করছে। কোনো অনিয়ম পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে। প্রতিটি জেলায় দুজন করে ছাত্র প্রতিনিধি নিয়ে ১০ সদস্যের টাস্কফোর্স গঠন করা হবে। আমরা আশা করছি শিগগিরই এটি (দাম) নিয়ন্ত্রণে আসবে।’
তিনি আরও উল্লেখ করেন, বাণিজ্য মন্ত্রণালয় সাতটি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৫ লাখ ডিম আমদানির অনুমোদন দিয়েছে।
অপূর্ব বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ১৬০০০ নামে একটি হটলাইন চালু করেছে, যা আগামী দুই দিনের মধ্যে কার্যকর হবে। এ ছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশন একটা ওয়েবসাইট খুলেছে। সেটা হচ্ছে লংংভনফ.পড়স।
