কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০১:২২ পিএম

কুমিল্লার বুড়িচং সীমান্তে অনুপ্রবেশের দায়ে আরিফুল ইসলাম (২১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । আটককৃত আরিফুল ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬০ বিজিবি, সুলতানপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, রাত ৮টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শংকুচাইল বিওপির টহলদলের সদস্যরা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক যুবককে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কাজের উদ্দেশ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে বুড়িচং থানায় একটি হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক দেশ রূপান্তরকে বলেন, আটককৃত ভারতীয় নাগরিক আরিফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত