এবার লালমনিরহাটে উর্মির বিরুদ্ধে মামলা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পিএম

এবার সাময়িক বরখাস্তকৃত সেই সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের স্থানীয় ছাত্র প্রতিনিধি তাহহিয়াতুল হাবীব মৃদুল অভিযোগটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, তাপসী তাবাস উর্মি নিজের ফেসবুক পেজে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেয়ার পাশাপাশি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি ও অন্তর্বর্তী সরকারকে হুমকি প্রদান করেছেন। যা মানহানিকর ও রাষ্ট্রদ্রোহীতার সামিল।

অভিযোগের বিষয়ে তাহহিয়াতুল হাবিব মৃদুল বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। দ্রুত উর্মিকে স্থায়ীভাবে চাকরিচ্যুত এবং গ্রেপ্তারের দাবি জানাই। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

তাপসী তাবাসসুম উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসের পর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত