আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আব্দুল হাই (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার (৯ অক্টোবর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
আব্দুল হাই নীলফামারী জেলার ডিমলা থানার সালহাটি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন আব্দুল হাই। গত মঙ্গলবার দুপুরে বাড়ি ফাঁকা থাকায় পাশের ফ্ল্যাটের সাত বছরের শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত আশপাশের কেউ দেখে ফেলেছে কি না দেখতে যায়। তখন শিশুটি দৌড়ে তাদের ফ্ল্যাটে চলে যায়। পরে শিশুটি প্রথমে পাশের বাসার একটি মেয়েকে এবং পরে তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়।
মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে শিশুটির মা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল হাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযুক্ত আব্দুল হাইকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়।
ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই