বেড়ানোর আনন্দ চিরতরে শেষ দুই পরিবারের ৮ জনের

 সড়কে নিহত আরও ৫

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:০৯ এএম

ছুটি কাটাতে শাওন ও তার বন্ধু পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন কুয়াকাটায়। সেখান থেকে ফেরার পথে বুধবার রাত ২টার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খালে পড়ে যায়। এতে শিশুসহ দুই পরিবারের আটজন নিহত হয়। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক পারাপারের সময় গাড়ি চাপায় যুবক, গোপালগঞ্জে বাসের ধাক্কায় মটরসাইকেল চালক ও নীলফামারী পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছে। অন্যদিকে লালমনিরহাটে গভীর রাতে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ভেতরে ঢুকে পড়লে ঘুমন্ত ১২ শিক্ষার্থী গুরুতর আহত হয়। আর নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩১) মৃত্যু হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

পিরোজপুর : প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে শিশুসহ দুই পরিবারের আটজন নিহত হয়। নিহতরা হলেন মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০) তাদের মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। নিহত মোতালেবের এক আত্মীয় মোবাইল ফোনে তাদের পরিচয় নিশ্চিত করেছেন। এ ছাড়া অন্য চারজন হলেন শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২২) ছেলে শাহাদাৎ (১০) ও আবদুল্লাহ (৩)। তারা পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকার বাসিন্দা।

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, ছুটি কাটাতে শাওন ও তার বন্ধু পরিবার নিয়ে কুয়াকাটা গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নাজিরপুরের হোগলা বুনিয়া ফেরার পথে রাত ২টার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খালে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, নিহতদের মধ্যে গাড়িতে থাকা আবদুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ ছিলেন। মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় ছেলে আবদুল মোতালেব, পুত্রবধূ সাবিনা আক্তার, নাতি সোয়াইব ও নাতনি মুক্তাকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা নাজিম উদ্দিন। কোনো কথাই বলতে পারছেন না। অন্য পাশ থেকে ভেসে আসছিল মা ময়না বেগমের গগনবিদারী আহাজারি। বুক চাপড়িয়ে মা ময়না বেগম বলছিলেন, ‘অহন আমগরে দেখব কে? কেমনে আমগরে সংসার চলব? অসুস্থ মাইয়ার চিকিৎসার জন্য ওষুধ কিনা দিব কেডা?’ মোতালেবের বাবা নাজিম উদ্দিন বলেন, ‘জানি না আল্লাহ আমারে এ কেমন শাস্তি দিল। আমার পুরা সংসারটা ভাইঙ্গা গেল।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মোতালেবের বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। পরিবারের চার সদস্যের মৃত্যুর খবরে রঘুনাথপুরে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানা গেছে, মোতালেব ও তার পরিবারের সদস্যদের মরদেহ আনার জন্য স্বজনরা পিরোজপুরের উদ্দেশে রওনা হয়েছেন। আজ শুক্রবার গ্রামের বাড়িতেই সবাইকে দাফন করার কথা আছে।

বেপরোয়া ট্রাক মাদ্রাসার ভেতর : লালমনিরহাটে গভীর রাতে বেপরোয়া একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ভেতরে প্রবেশ করে। এ সময় মাদ্রাসার দেয়াল ভেঙে ঘুমন্ত ১২ শিক্ষার্থী গুরুতর আহত হয়। বুধবার রাত ৩টায় সদর উপজেলার হাড়িভাঙ্গা তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাত্রে মালপত্রবিহীন ওই ট্রাকটি রংপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে গিয়ে মাদ্রাসার দেয়ালে ধাক্কা খায়। এ সময় মাদ্রাসার দেয়াল ভেঙে ঘুমন্ত শিক্ষার্থীদের শরীরে পড়লে ১২ শিক্ষার্থী আহত হয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। শিক্ষার্থীদের মধ্যে গুরুতর আহত মুরসালিন (১২), নোমানসহ (১১) ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালমনিরহাট সদর থানার ওসি মো. আব্দুল কাদের জানান, বেপরোয়া ট্রাকটি তাদের হেফাজতে আছে। তবে চালক ও সহকারী চালক পলাতক।

মহাসড়ক পারাপারের সময় গাড়ি চাপায় যুবক নিহত : গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক পারাপারের সময় গাড়ি চাপায় এক যুবক নিহত হয়েছে। গত বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু : নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩১) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের টেটনপড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তার গায়ে ছিল সাদা রঙের টি-শার্ট, এবং পরনে ছিল ময়লাযুক্ত ঘিয়া রঙের প্যান্ট।

বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত : গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক শিবু সরকার (৪০) নিহত হয়েছেন। এ সময় আরোহী স্বপন বিশ্বাস নামে সাবেক এক ইউপি সদস্য আহত হয়েছেন। নিহতের বাড়ি সদর উপজেলার বোড়াশী গ্রামে। তার বাবার নাম অভিমান্য সরকার। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নীলফামারী পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২ : বুধবার রাত ৮টার দিকে নীলফামারী শহরের পাঁচ মাথা মোড়ে এবং রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের সুখীপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটেছে। নিহত সৌরভ হোসেন প্রান্ত (২৭) নীলফামারী পৌর শহরের সবুজপাড়ার রবিউল আলম লালু ছেলে। বুধবার রাতে মোটরসাইকেলে বন্ধুসহ বাসস্ট্যান্ড মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের পাঁচ মাথা মোড়ে পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় অন্যদিক থেকে আসা ১০ চাকার পাথরবোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে পেছনে ধাকা প্রান্তর বন্ধুর হিমেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের সুখীপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় রেহেনা বেগম (৬০) নামে একজন পথচারী নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত