ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই, রোগী ছাড়াল ৪০ হাজার

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:১৭ এএম

দেশে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়াল ও মৃত্যু ২০০ ছুঁইছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৫৮৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বছরে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪০৫ জনে। রোগীর এই সংখ্যা দেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের ২৪ বছরের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। এর আগে চতুর্থ সর্বোচ্চ রোগী ছিল ২০২১ সালে। সে বছর মোট ভর্তি ছিল ২৮ হাজার ৪২৯ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে এ বছর মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৯৯ জনে। এই সংখ্যা দেশে ডেঙ্গুর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ১৭৯ জন মারা যায় ২০১৯ সালে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান পাওয়া গেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে তিনজন মারা গেছে, তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তারা বরিশাল, ঢাকা ও খুলনা বিভাগে ভর্তি ছিল। এ নিয়ে এ বছর মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ৩৬ জন এ মাসের গত ১০ দিনে মারা গেছে। এ সংখ্যা মোট মৃত্যুর ১৮ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে ৩৯১ জন বা ৬৭ শতাংশ পুরুষ ও ১৯২ জন বা ৩৩ শতাংশ নারী। দিনের রোগীর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ১৬৩ জন, এরপর ঢাকা উত্তর সিটিতে ১৩০ জন ও ঢাকা দক্ষিণে ১১৬ জন। সবচেয়ে কম রোগী পাওয়া গেছে রংপুর বিভাগে সাতজন। এ ছাড়া বরিশাল বিভাগে ৬২, ময়মনসিংহে ২৯, খুলনা ও রাজশাহীতে ২৭ করে, ও চট্টগ্রাম বিভাগে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এ মাসে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৬৭ জনে। এই সংখ্যা মোট রোগীর ২৩ শতাংশ। এ বছর সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা দক্ষিণ সিটিতে ৮ হাজার ৭৭৩ জন ও ঢাকা উত্তর সিটিতে ৮ হাজার ১৯৭ জন। এরপর ৭ হাজার ৮৪৫ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে, ৬ হাজার ১৩৭ জন ঢাকা বিভাগে ও ৩ হাজার ১৭০ জন খুলনা বিভাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত