পূজায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা আবারও আপনাদের আশ^স্ত করতে চাই, যেকোনো মূল্যেই আমরা এই পূজার উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন করব। এ বিষয়ে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’
গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ পূজাম-প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
র্যাব ডিজি বলেন, ‘পূজার গত দুদিন ভালোভাবেই কেটেছে। আশা করছি, পূজার বাকি দিনগুলোতে একইভাবে আমরা উৎসবমুখর পরিবেশে পূজা পালন করতে সক্ষম হব। একটি কুচক্রী মহল সামান্য ঘটনাকে ইস্যু করে গুজব ছড়িয়ে এর আগে অনেক নাশকতা করেছে। এবার যাতে তারা কোনোভাবেই নাশকতা করতে না পারে সেজন্য আমরা প্রথম থেকেই প্রস্তুত রয়েছি। আমাদের সাইবার টিমের পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাইবার টিমও কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘পূজায় কোনো বিশৃঙ্খলাকে কেন্দ্র করে যে মামলাগুলো রুজু হবে এগুলো একটা মনিটরিং সেলের মাধ্যমে তদন্ত করা হবে। এর সঙ্গে যারা জড়িত থাকবে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে এবং এদের সাজা যেন নিশ্চিত হয় সেজন্য এই মামলার নিষ্পত্তি হওয়া না পর্যন্ত আমরা নিয়মিত মনিটরিং চালু রাখব।’ এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।
