বাসা থেকে ডেকে নিয়ে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ পিএম

ময়মনসিংহে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম স্বপন ভদ্র (৫৫)। শনিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। এক সময় স্থানীয় ও দৈনিক পত্রিকায় কাজ করতেন। বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত ছিলেন না। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকার বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করতেন। স্বপন কুমার ভদ্রের দুই ছেলে ও এক মেয়ে। ছোট ছেলে রনি ভদ্র সেনাবাহিনীতে কর্মরত। স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সকালে সাগরসহ তিনজন স্বপনকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে নেন। এ সময় সাগর নামে এক ব্যক্তি স্বপনের হাতে কোপ দেন। জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্বপনের ঘাড়ে কোপ দেন সাগর। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে সাগর পলাতক।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, কেন বা কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। অভিযুক্ত সাগর মাদকাসক্ত ছিলেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত