ছক্কার পর ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি সঞ্জু স্যামসনের

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পিএম

হায়দরাবাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। দলীয় ২৩ রানে অভিষেক শর্মা বিদায় নেন। তবে ঝড় বইয়ে দেন ভারতের দুই ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব।

স্যামসন সেঞ্চুরি করেন ৪০ বলে। ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় দ্রুততম। ৩৫ বলে সেঞ্চুরি আছে রোহিত শর্মার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। স্যামসন ৪৭ বলে ১১১ রান করে ফেরেন। তার ইনিংসে ছিল ৮ ছক্কা ও ১১ চার।

ওপেনার স্যামসন ২২ বলে ফিফটি পূরণ করেন। ইনিংসের দ্বিতীয় ওভারে স্যামসন তাসকিনকে টানা চারটি চার মারেন। স্যামসনের ২২ বলে ফিফটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোন ভারতীয়র দ্রুততম ফিফটির রেকর্ড।

১০ ওভার শেষে ভারত তোলে ১৫২ রান। টি-টোয়েন্টিতে ১০ ওভার শেষে তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি। সবচেয়ে বেশি ১৫৬ রান আছে অস্ট্রেলিয়ার স্কটল্যান্ডের বিপক্ষে।

রিশাদের করা ইনিংসের দশম ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকান স্যামসন। পরে সূর্য কুমার ফিফটি পূর্ণ করেন ২৩ বলে। টি-টোয়েন্টিতে এটি সূর্যকুমারের ২৩তম ফিফটি। স্যামসন ও সূর্যকুমার জুটিতে একশো পূরণ করেন ৪৪ বলে। এই জুটি ১৫০ পূর্ণ করে মাত্র ৫৭ বলে। মোস্তাফিজ স্যামসনকে ফেরালে ভাঙে ১৭৩ রানের জুটি।

১৪ ওভার শেষে ২ উইকেটে ২০১ রান করেছে ভারত।

তার আগে পাওয়ার প্লেতে (৬ ওভারে) ভারত তোলে ৮২ রান। যা টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বেশি রান নেওয়ার যৌথ রেকর্ড। এর আগে ২০২১ সালে দুবাইতে স্কটল্যান্ডের বিপক্ষেও পাওয়ার প্লেতে ৮২ রান তুলেছিল ভারত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত