বায়রা অফিসে হামলা-ভাঙচুর

ব্যবসায়িক স্বার্থে দলকে ব্যবহার করা সমীচীন হয়নি, দুই নেতাকে বিএনপি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০১:১৬ এএম

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা অফিসে হামলা ভাঙচুরের অভিযোগে ‍দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। ব্যবসায়িক স্বার্থে দলকে ব্যবহার করা সমীচীন হয়নি বলেও জানানো হয় এই নোটিশে।

শনিবার (১২ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তারা হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

নোটিশে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর খন্দকার আবু আশফাক ও কাজী মফিজ দলবলসহ বায়রার নির্বাহী কমিটির সভায় প্রবেশ করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য দলের কেন্দ্র থেকে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমন্বয়ে গঠিত দুই সদস্য বিশিষ্ট কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়। তদন্ত শেষে তারা লিখিত প্রতিবেদন কেন্দ্রে জমা দিয়েছেন।

নোটিশে আরও বলা হয়, আপনাদের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে দলকে ব্যবহার করা সমীচিন হয়নি। নিজেদের ব্যবসায়িক স্বার্থের জন্য দলের প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি চরম অনৈতিক ও সংগঠন বিরোধী কাজ। আপনাদের এহেন অসদাচরণের জন্য দল বিব্রত হয়েছে। ভবিষ্যতে এ ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আপনাকে সতর্ক করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত