ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই নারী কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০) ও একই কলেজের ডিগ্রি পড়ুয়া রতœা সাহা (২৪)। নিহত দুজন পড়ালেখার পাশাপাশি স্থানীয় একটি ক্যাফেটিরিয়ায় চাকরি করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রতœা সাহা ও পূজা বিশ্বাস শহরের মধ্য আলিপুর কানাই মাতুব্বর মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করত। এরা দুজনই পূজার মাসী বিথী বিশ্বাসের সাথেই থাকত। গতকাল শুক্রবার সন্ধ্যার পর পূজা বিশ্বাস ও রতœা সাহা পূজা দেখার জন্য বাড়ি থেকে বের হয়। পরে দুজনই রাত ১১টার দিকে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর রাত ১টার দিকে তারা বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। এ সময় রাত ১টার দিকে রতœা ও পূজাকে বিথী বিশ্বাসসহ কয়েকজন প্রথমে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে রতœা সাহা এবং গতকাল শনিবার সকাল ৮টার দিকে পূজা বিশ্বাস মারা যায়।
নিহত পূজার মাসী বিথী বিশ্বাস জানান, পূজা ও তার বান্ধবী রতœা আমার সাথেই একই ভাড়া বাড়িতে বসবাস করত। বিগত ছয় বছর আগে রতœার বিয়ে হলেও সেই বিয়ে বেশিদিন টেকেনি। রতœার বাবা-মায়ের সাথে বনিবনা না হলে সে আমার কাছে থেকেই পড়ালেখার পাশাপাশি স্থানীয় একটি ক্যাফেটেরিয়ায় কাজ করত। শুক্রবার রাতে পূজা দেখে বাড়ি ফেরার পর দুজনই অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডা. রতন কুমার সাহা বলেন, দুজন নারীকে গভীর রাতে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং অন্যজন পরদিন সকালে মারা যায়। নিহত দুজনই বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
