ভৈরবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশি অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি শেখ রাজুকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল রবিবার দুপুরে পুরনো ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের ভৈরবপুর মধ্যপাড়া আড়াই ব্যাপারী বাড়ির শেখ তারা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-পুলিশের একটি যৌথ টিম ওই এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, গত ১৯ জুলাই দুপুরে শহরের লক্ষ্মীপুর এলাকায় শেখ রাজুসহ অন্যরা দেশি অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের ওপর হামলা করে। ওই ঘটনায় মামুন মিয়া নামে যুবদলের এক কর্মীর দুই হাত কাটাসহ অর্ধশত ছাত্র-জনতা আহত হন।

র‌্যাব-১৪ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত